ক্রীড়া ডেস্ক: পর্দা ওঠার আগেই বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন। বিশ্বমঞ্চে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আরেকবার সেই একই কথা জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান।
ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজসহ তিন সদস্যের এক প্রতিনিধি দল কানাডার টরন্টো বিমানবন্দরে পৌঁছালে মেহেদি তাজকে প্রবেশাধিকার দেয়া হয়নি। এর প্রতিবাদে বাকি দুই সদস্যও কংগ্রেস বর্জন করেন। উল্লেখ্য, মেহেদি তাজ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার, যা কানাডায় নিষিদ্ধ। এই ‘দুর্ভাগ্যজনক’ পরিস্থিতি সত্ত্বেও ইনফান্তিনো ইরানের অংশগ্রহণের ব্যাপারে অনড়।
ইরানকে নিয়ে ওঠা সব জল্পনা উড়িয়ে দিয়ে ফিফা প্রধান বলেন, ‘যারা অন্য কিছু লিখতে বা বলতে চান তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং তারা যুক্তরাষ্ট্রেই খেলবে। কারণটা সহজ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পৃথিবীতে বিভেদ তৈরি করার অনেক মানুষ আছে। তবে আমাদের এই সুযোগটিকে কাজে লাগিয়ে মানুষকে কাছাকাছি আনতে হবে।’
গ্রুপ ‘জি’-তে ইরানের সঙ্গী নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। লস অ্যাঞ্জেলেসে ১৫ই জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করার কথা তাদের। ২১শে জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং পরে সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান। রোমাঞ্চকর তথ্য হলো, গ্রুপ পর্বের সমীকরণ মিললে শেষ-৩২ রাউন্ডে ডালাসের মাঠে মুখোমুখি হতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র।
কংগ্রেসে ইনফান্তিনো জানান, এবারের বিশ্বকাপের টিকিটের চাহিদা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা ৫০০ মিলিয়ন টিকিটের আবেদন পেয়েছি। গত দু’টি বিশ্বকাপে এই সংখ্যা ছিল মাত্র ৫০ মিলিয়ন। ইতিমধ্যে লভ্য টিকিটের ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে।’
পাশাপাশি, ফিফার রাজস্ব আয় ২০ শতাংশ বেড়ে ১৪ বিলিয়ন ডলারে পৌঁছানোর সুখবরও দেন তিনি। সবশেষে, আগামী বছর মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে ফিফা সভাপতি পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণাও দেন এই সুইস-ইতালিয়ান ফুটবল সংগঠক।
চাটগাঁ নিউজ/জেএইচ





