চাটগাঁ নিউজ ডেস্ক : কনটেইনার নিয়ে বাংলাদেশে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে যাওয়া ‘এমভি সীলয়েড আর্ক’ জাহাজের ১৬ বাংলাদেশি নাবিকের মধ্যে ১৫ জন দেশে ফিরেছেন প্রায় ৮২ দিন পর।
তারা ইন্ডিগো এয়ার লাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এ সময় তাঁরা ছিলেন আবেগাপ্লুপ্ত।
নাবিকদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বলেন, নাবিকদের দেশে ফেরা একটি অত্যন্ত স্বস্তির ও আনন্দের সংবাদ।
তিনি জানান, মালয়েশিয়া থেকে চট্টগ্রাম আসার পথে গত ৭ ফেব্রুয়ারি দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে জাহাজটি ডুবতে দেখে থাই নেভি নাবিকদের উদ্ধার করে। তবে আইনি জটিলতার কারণে থাই পুলিশ তাদের প্রত্যাবাসনের অনুমতি দিচ্ছিল না। এই সংকট নিরসনে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানার পর থেকেই সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, সংশ্লিষ্টরা সময়ে সময়ে তথ্য দিয়ে অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ভূমিকা রাখতে সহযোগিতা করেছেন।
এছাড়াও আমরা সিফেয়ারারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আসছিলাম। অ্যাসোসিয়েশন বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরাসরি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের (আইটিএফ) মাধ্যমে আন্তর্জাতিক মহলে অনুরোধ জানায়। একই সাথে জাহাজের টেকনিক্যাল ম্যানেজার নাফ মেরিন সার্ভিসেসের সিইও ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং নৌপরিবহন অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে আইনি বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সূত্র জানায়, জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে অভিমুখে রওনা দিয়েছিল। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর শিডিউল ছিল। জাহাজটিতে ৪০ ফুট দীর্ঘ ১০১টি এবং ২০ ফুট দীর্ঘ ৯৬ কনটেইনার লোড ছিল।
চাটগাঁ নিউজ/এসএ





