চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগ হিসেবে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রকে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার; চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক; চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন); জেলা প্রশাসক; স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব; সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক); ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক; চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল); চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব, প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা; চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার; বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী; চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক; কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চট্টগ্রামের মহাব্যবস্থাপক; চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগের বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক; চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ; এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

অফিস আদেশে উল্লেখ করা হয়, কমিটি চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালাসমূহ সারা বছর সচল রাখা এবং এ সংক্রান্ত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সমন্বয় সাধন করবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনসহ জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজেও সমন্বয় করবে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক ও সেবামূলক কাজের দ্রুত প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও তদারকি করবে কমিটি। সময় সময় সভা আহ্বান করে এসব কাজের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় করা হবে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে সুপারিশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন দপ্তর বা সংস্থার প্রতিনিধিদের কো-অপ্ট করার সুযোগও থাকবে এই কমিটির।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top