ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে নুরুল হক (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল হক ওই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জাগিরপাড়া এলাকায় একটি বন্ধ দোকানের বাইরের সিলিংয়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পান পথচারীরা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশকে জানান।
খবর পেয়ে থানার এসআই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






