উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় সড়ক ডিভাইডারের কাজ করা এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায় একটি পিকআপ। এতে ঘটনাস্থলে মোহাম্মদ রবিউল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রবিউল কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার মোক্তার হোছাইনের একমাত্র পুত্র। তিনি কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বেপরোয়া গতিতে চলা একটি পিকআপ একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রবিউল। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর দায় এড়াতে ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় উখিয়া থানার সামনে স্থানীয়রা গাড়িটি আটকানোর চেষ্টা করলে চালক আরও বেপরোয়া গতিতে পালাতে গিয়ে পথিমধ্যে দুটি রিকশাকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় জনতার সহায়তায় টেকনাফের নয়াপাড়া এলাকায় গিয়ে ঘাতক পিকআপটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় চালককে আটক করা হয়েছে কিনা, প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘাতক যানটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
উখিয়া শাহপরী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নিহত শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইব্রাহিম/জেএইচ





