রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে থামছেই না মৃত্যুর মিছিল। একের পর এক দুর্বৃত্তের হাতে খুন হচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবার একদিনের ব্যবধানে ফের দুর্বৃত্তের গুলিতে নাছির উদ্দীন (৪৫) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ শমশের পাড়া গ্রামের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় তাকে এলোপাতাড়ি গুলি করে দুর্বত্তরা। এতে তার বুক পেট বুলেটে ঝাঁজরা হয়ে যায়, বের হয়ে আসে তার পেটের নাড়িভুঁড়ি।
জানা গেছে, গুলিবিদ্ধ নাছির উদ্দীন একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। তার কোনো রাজনৈতিক পদ-পদবীতে না থাকলেও স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।
এই বিষয়ে উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল বলেন, নিহত নাছির উদ্দীন আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত যুবদল কর্মী ছিলেন। তার এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে একের পর এক আমাদের কর্মীদের খুন করছে। খুনি যেই হউক তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘর থেকে বের হয়ে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে নাছির উদ্দীনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসাইন জানান, নাছির উদ্দীনের তলপেট ও পায়ে একাধিক গুলি লেগেছে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভয়ে স্থানীয়রা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, পাহাড় ও কৃষিজমি কেটে মাটির ব্যবসা এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হান গ্রুপ ও সন্ত্রাসী জানে আলম গ্রুপের মধ্যে পাহাড় ও কৃষি জমি কেটে মাটির ব্যবসা, বালির ব্যবসা, চাঁদাবাজিসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কদলপুর ইউনিয়নে একাধিক গুলিবিদ্ধের ঘটনা, খুন, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে। নিহত নাছির উদ্দীনের রায়হান গ্রুপের সদস্য হিসাবে স্থানীয়ভাবে পরিচিত। গত ২০২৪ সালের ৩০ নভেম্বর প্রতিপক্ষরা নাছির উদ্দীনকে তার বাড়ির পাশে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। দীর্ঘদিন চিকিৎসা শেষে ফিরে আসেন। ১৭ মাস পর পুনরায় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়ে অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ নাছির উদ্দীনকে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, নিহত নাছির উদ্দীনের বিরুদ্ধেও হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ভোরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল গ্রামে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সাম্প্রতিক এসব ঘটনায় রাউজান এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ





