পটিয়ায় স্যালাইন হাতেই বিচার চাইতে থানায় গেলেন অসুস্থ কৃষক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় ধানক্ষেতে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ শরীরে হাতে স্যালাইন লাগানো অবস্থাতেই বিচার চাইতে থানায় ছুটে যান ওই ভুক্তভোগী।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছত্তর পেটুয়া মাঝিরপাড়া জামেয়া মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ রোববার দুপুর ১২টায় অসুস্থ শরীর নিয়ে পটিয়া থানা কম্পাউন্ডে হাজির হন তিনি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসে বিচার দাবি করেন এবং নিজের শারীরিক অবস্থা ও ঘটনার বর্ণনা তুলে ধরেন।

আবদুল আলম অভিযোগ করেন, প্রতিবেশী নুর মোহাম্মদের সঙ্গে জমিজমা নিয়ে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত বুধবার বিকেলে তার পালিত গরুর বাছুর নুর মোহাম্মদের ভাইয়ের জমির ধান খেয়েছে—এ অভিযোগ তুলে বাছুরটির পায়ে আঘাত করা হয়। এতে বাছুরটি আহত হয়। এরপর শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর মোহাম্মদসহ কয়েকজন মিলে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিনি পটিয়া থানায় মামলা দায়ের করতে এসেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নুর মোহাম্মদের ছোট ভাই শের মোহাম্মদ বলেন, জমিতে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় আবদুল আলম প্রথমে নুর মোহাম্মদকে ঘুসি মারেন। পরে নুর মোহাম্মদ তেড়ে গেলে আবদুল আলম নিচে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। তিনি আরও দাবি করেন, আবদুল আলমের চিকিৎসার খরচও তারা বহন করেছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে জানা গেছে। প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top