চাটগাঁ নিউজ ডেস্ক: চলতি অর্থবছরের ১০ম এবং বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান।
জোনায়েদ সাকি বলেন, ‘প্রকল্প ব্যয় যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এবং কাজ সম্পন্ন করতে দীর্ঘমেয়াদি না হয়, জনগণের কল্যাণ যাতে হয়—সেই বিষয়ে দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে গতি আনতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে ১৩টি।
জোনায়েদ সাকি জানান, প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট— ব্যয়ে সাশ্রয়ী হতে হবে এবং প্রতিটি খাতে ব্যয়ের যৌক্তিকতা যাচাই করতে হবে। পাশাপাশি প্রকল্পগুলো জনগণের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নির্বাচনী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনায় রাখতে বলা হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এর মধ্যে ছয়টি নতুন প্রকল্প। এছাড়া প্রকল্পগুলো বাস্তবায়নে অকারণে দীর্ঘসূত্রতা পরিহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
চাটগাঁ নিউজ/জেএইচ






