চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে বাবলু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
বাবলু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে। জীবিকার জন্য তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি বালু ও ইট সরবরাহের ঠিকাদারিতেও যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি সেদিন তার নানা বাড়িতে একটি দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব আলীখীল খামার টিলা এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে মারধর করে এবং পরে গুলি করে গুরুতর আহত করে।
আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।
নিহতের বাবা জানান, তার ছেলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন এবং এলাকায় চাঁদাবাজদের সঙ্গে তার বিরোধ ছিল। তবে এই হত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, বাবলু স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





