চাটগাঁ নিউজ ডেস্ক: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের হওয়া মামলায় যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম-কে দেড় মাস বয়সী শিশু সন্তানসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার দেড় মাসের বাচ্চা কিংবা সিজারিয়ান রোগী কোনো কিছুই মন গলাতে পারেনি আদালতের।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন রাজধানীর তেজগাঁও থানায় দায়ের হওয়া এক মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তবে আসামির কোলে থাকা শিশুর বিষয়টি বিবেচনায় নিয়ে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, একজন মাকে তার দেড় মাসের দুধের শিশুসহ গ্রেপ্তার করা হয়েছে। এটি অত্যন্ত নিষ্ঠুর ও মানবাধিকারের লঙ্ঘন। আমরা আদালতে তার জামিন চেয়েছিলাম। কিন্তু আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে শিশুসহ যুব মহিলা লীগের ওই নেত্রীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেফতার করে পুলিশ। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল-এর ওপর হামলা এবং পরবর্তীতে তার বাসায় ভাঙচুর ও পাঁচ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগম জড়িত ছিলেন। ওই ঘটনায় গত বছরের ১লা জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২০-১৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে সক্রিয় ভূমিকার প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে তিনি আদালতকে অবহিত করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






