মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চাটগাঁ নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) এ আদেশ দেওয়া হয়।

এর আগে, কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে এমপি আমির হামজা দাবি করেন—কুষ্টিয়ার বর্তমান ডিসি নাকি বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আইনি নোটিশে বলা হয়, এমন মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তিনি যে অভিযোগ করেছেন, তার পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে বলা হয়।

এ বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে যথাযথ প্রমাণ থাকা জরুরি। অন্যথায় তা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং প্রশাসনের ওপর আস্থার সংকট সৃষ্টি করতে পারে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top