চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পদবির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন—১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সংগঠক জাহিদুর রহমান জাহেদ (২৯), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি বিশ্বজিৎ চৌধুরী (৩২), জাতীয় শ্রমিক লীগের বন্দর থানার সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম টিপু (৩৩) এবং সরকারি সিটি কলেজ ছাত্রলীগের কর্মী মোহাম্মদ কামরুল হাসান (২৯)।
পুলিশ জানিয়েছে, গত ১৪ এপ্রিল ভোরে কোর্ট হিল এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছু মানুষ জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে অভিযোগ করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার আশঙ্কায় ঘটনাটি গুরুত্বসহকারে নেওয়া হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পদবির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, আসামিরা ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান ও সরকারবিরোধী উস্কানিমূলক স্লোগান দিয়ে হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল বলে স্বীকার করেছে। জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো তৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ






