বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি পাহাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্বিতীয় ধাপে রাতভর অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টা পর্যন্ত তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ব্যবহৃত ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। তবে বালু পরিবহনে ব্যবহৃত একটি মিনি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ বাবুল এবং ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ দেলোয়ার হোসেনের উপস্থিতিতে, যে বাড়ির উঠান থেকে ট্রাকটি জব্দ করা হয়, সেই বাড়ির বড় ছেলে বাবুলের জিম্মায় সেটি রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন বলেন, পাহাড় কাটা, মাটি কাটা ও অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করছে—এমন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগেও একটি ডাম্পার জব্দ করে স্থানীয়দের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জসিম/এমকেএন






