চাটগাঁ নিউজ ডেস্ক: অনিয়ম ঠেকাতে পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খাতা পুনঃমূল্যায়নের সুযোগ ও নকল-জালিয়াতিতে কঠোর শাস্তির বিধান যুক্ত হচ্ছে। এরই মধ্যে আইনের খসড়া করছে শিক্ষা মন্ত্রণালয়।
বর্তমানে পরীক্ষার ফলে কেউ অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারে। খাতার নম্বর গণনায় ভুল, কোনো উত্তরে নম্বর না দেয়া বা কভার পৃষ্ঠায় নম্বর তোলার ভুল সংশোধন করা হয়। সংশোধনী আইনে, খাতা নতুন করে দেখার সুযোগ থাকছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনেকগুলো অভিযোগ আছে– পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে নকল, প্রশ্ন ফাঁস ও অনলাইনে জালিয়াতি হয় এমন। এসব ঠেকাতে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা সেটি পালন করব। আমাদের কাজ মন্ত্রণালয়ের নির্দাশনা অনুযায়ী পরীক্ষা নেওয়া।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘খাতা পুনঃমূল্যায়নের সুযোগ থাকলে শিক্ষার্থীরা গণহারে আবেদন করতে পারে। তাই আগে সিদ্ধান্ত নিতে হবে, এটি নিয়ন্ত্রণ করা হবে কীভাবে?’
বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে দেখা গেছে, ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২০০টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪৫টির, সাজা হয়েছে মাত্র একটিতে।
চাটগাঁ নিউজ/জেএইচ






