ফটিকছড়িতে চোলাই মদ ও মোটরসাইকেল জব্দ, আটক ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় মদ পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে ফটিকছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উচি মারমা (২৪) নামের ওই ব্যক্তিকে আটক করে। তিনি খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রামচু বাজার এলাকার কলাচান মারমার ছেলে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, অভিযানে ২৬ লিটার চোলাই মদ ও একটি কালো রঙের নাম্বারবিহীন হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটি মদ পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top