রাঙ্গুনিয়ায় পুকুরে লুকানো ৫৭০ লিটার চোলাই মদ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেজাম শাহ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নেজাম শাহ পাড়া এলাকায় অবস্থিত ‘এইচএসবি’ (HSB) ব্রিক ফিল্ড সংলগ্ন একটি পুকুরে অভিযান চালানো হয়। এ সময় পুকুরের কচুরিপানার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৯টি কার্টন উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত কার্টনগুলো তল্লাশি করে প্রায় ৫৭০ লিটার চোলাই মদ পাওয়া যায়। পুলিশ জানায়, প্রতিটি কার্টনে আনুমানিক ৩০ লিটার করে মদ মজুত ছিল।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে। কারা এই বিপুল পরিমাণ মাদক মজুত করেছিল, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

উল্লেখ্য, রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই উদ্ধারকে বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top