চসিক স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি, ৩ প্রতিষ্ঠান

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাধীনতা স্মারক সম্মাননা-২০২৬ এর জন্য ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা পদক প্রদান করা হবে।

এবার স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসা ক্ষেত্রে এমএ ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী।

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন।

সাহিত্য সম্মাননার জন্য গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশুসাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব মনোনীত হয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার বইমেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার (১৮ এপ্রিল) সম্মাননা স্মারক দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

নগরের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে শনিবার বিকেলের এ অনুষ্ঠানে অতিথি থাকবেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম নছরুল কদির ও বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top