ক্রুড অয়েল সংকট: চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে বন্ধ তেল পরিশোধন 

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটে পরিশোধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সর্বশেষ পরিশোধন কার্যক্রম চালানো হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা।

তারা জানান, আগামী ১০ মে’র আগে রিফাইনারি চালুর কোনো সম্ভাবনা নেই। ওই সময়ের মধ্যে আমদানি করা অপরিশোধিত তেলের নতুন চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। বন্ধকালীন সময়ে রিফাইনারিতে রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কার্যক্রম চলবে।

সংশ্লিষ্টরা জানান, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে। দেশে সর্বশেষ অপরিশোধিত তেলের চালান আসে গত ১৮ ফেব্রুয়ারি। আগামী মে মাসের শুরুতে নতুন চালান আসার সম্ভাবনা রয়েছে।

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, সরাসরি আমদানি করা পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।

এদিকে ইস্টার্ন রিফাইনারি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (নির্মাণ ও প্রকল্প) আহমদ ফজলে রাব্বি বলেন, ‘অপরিশোধিত তেলের ঘাটতির কারণে গত রবিবার রাত থেকে শোধনাগারটি বন্ধ রয়েছে। উৎপাদন চালু রাখার চেষ্টায় মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)-এর পাইপলাইনে আটকে থাকা প্রায় ৫ হাজার টন অবশিষ্ট ক্রুড ব্যবহার করেছে ইস্টার্ন রিফাইনারি। এছাড়া সংরক্ষণ ট্যাংকের তলায় জমে থাকা অব্যবহৃত তেল উত্তোলন করে প্রক্রিয়াজাত করা হয়েছে। এই প্রচেষ্টা সত্ত্বেও দীর্ঘস্থায়ী সরবরাহ সংকটের কারণে শোধনাগারটি কার্যক্রম চালিয়ে যেতে পারেনি’।

তথ্যমতে, ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে। তবে সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। পাঁচটি ট্যাংকের তলানিতে থাকা প্রায় ৩৩ হাজার টন ডেড স্টক এবং এসপিএম থেকে আনা ৫ হাজার টন তেল দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হয়েছিল। শেষ পর্যন্ত এসব মজুতও শেষ হয়ে যাওয়ায় ক্রুড প্রসেসিং কার্যক্রম বন্ধ করতে হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আসে, যা ইআরএলে পরিশোধন করা হয়। ইআরএল এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ মোট ১৬ ধরনের জ্বালানি পণ্য উৎপাদন করে। বাকি চাহিদা মেটাতে ভারত ও চীন থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top