চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। এই সংগ্রামের মূল লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চায় জাতি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত নববর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসার যে লক্ষ্য ছিল, তা অনেকাংশে সফল হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো একক গোষ্ঠীর নয়, বরং ১৮ কোটি মানুষের দেশ। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষকে ধারণ করেই জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে উঠেছে। এ ধারাবাহিকতায় একটি বহুত্ববাদী সমাজ গঠনের লক্ষ্যও সামনে এগিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, তার পরিবার এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল। তাই প্রতিষ্ঠানটির উন্নয়নে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ছিল বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ খেলাধুলা ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী আয়োজন। সকাল সাড়ে ১০টায় স্মরণ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জারুলতলায় গিয়ে শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






