চাটগাঁ নিউজ ডেস্ক: গলায় গামছা পেঁচিয়ে কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীকে হত্যার মামলায় ‘গামছা পার্টির’ ছয় সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামরুর সিকদার, আল আমিন, পনু ব্যাপারী ও মো. হোসেন।
আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় আসামি প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় পনু ব্যাপারী ও মো. হোসেন পলাতক ছিলেন, অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, নগরের পাঁচলাইশ এলাকার অংকুর স্কুল মাঠ থেকে ২০০৬ সালের ২৯ আগস্ট সাঈদ আহমেদ চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। ঘটনার দিন তিনি মিরসরাই থেকে চট্টগ্রাম শহরে আসেন। পথে অটোরিকশাচালক ও তার সহযোগীরা তাকে সুগন্ধা এলাকার বাসায় না নিয়ে মালামাল ছিনিয়ে নেয়। পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে যায়।
চাটগাঁ নিউজ/জেএইচ





