বৈশাখে ডিসি হিল–সিআরবি ঘিরে সিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

চাটগাঁ নিউজ ডেস্ক: পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

সিএমপি জানায়, বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে আয়োজন নিশ্চিত করতে ডিসি হিল ও সিআরবি শিরিষতলা কেন্দ্রিক বিভিন্ন সড়কে রোড ব্লক ও যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে।

ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মুখ), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসব এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত রাখা হবে বলে জানানো হয়েছে।

একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক বসানো হবে। এসব পয়েন্ট থেকে সিআরবি অভিমুখী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পহেলা বৈশাখে বিপুল জনসমাগমের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর পহেলা বৈশাখ ঘিরে ডিসি হিল ও সিআরবি এলাকায় ব্যাপক জনসমাগম হয় এবং নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top