চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় বাসিন্দারা পুকুরপাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নারীর পরিচয় নিয়ে শুরুতে ধোঁয়াশা থাকলেও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, তার নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে। তার স্বামীর নাম সাইফুল রহমান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সাদিয়া আক্তার মুন্নি ও তার স্বামী সাইফুল রহমান দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামের এক ব্যক্তির বাড়িতে বাসা ভাড়া নেন। তবে গত প্রায় ১৫ দিন ধরে তাদের কাউকে এলাকায় দেখা যাচ্ছিল না। সাইফুল নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিতেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি কম্বলে মোড়ানো ছিল। এটি অর্ধগলিত এবং মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। বিষয়টি অত্যন্ত রহস্যজনক। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।
তিনি আরও জানান, এখনো নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ





