কক্সবাজার বিমানবন্দরের স্ক্যানিং মেশিন ৫ মাস ধরে অচল!

আছহাব ওশান চৌধুরী, কক্সবাজার : কক্সবাজার বিমান বন্দর আন্তর্জাতিক খেতাব পেয়েও হারিয়েছে বিভিন্ন জটিলতা এবং অসামঞ্জস্যতার কারণে। এবার  বিমান বন্দরের স্ক্যানিং মেশিন কাজ করছে না। যে কারণে নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা করছেন সচেতনমহল।

জানা গেছে, কক্সবাজার বিমানবন্দরে প্রবেশ করা মাত্র হাতের বামে যে স্ক্যানিং মেশিনটি বসানো হয়েছে, তা সচল নয়, অকেজো অবস্থায় পড়ে আছে প্রায় ৫ মাস ধরে। ফলে পুরো বিমানবন্দরে একটি স্কেনার দিয়েই চলছে কার্যক্রম। দীর্ঘদিন ধরে স্ক্যানিং মেশিন অচল অবস্থার কারণে যাত্রীদের তল্লাশিতে ধীরগতি ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে কক্সবাজার সীমান্ত এলাকা হওয়ায় এখান থেকে নিয়মিত মাদক চট্টগ্রাম-ঢাকাসহ সারাদেশে পাচার হচ্ছে। এই বিমানবন্দরে কিছুদিন আগেও ইয়াবা নিয়ে ধরা পড়ে যাত্রী সেজে ইয়াবা পাচার চক্র।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার বিমান বন্দরের প্রধান গোলাম মর্তুজা বলেন, দুটো স্ক্যানারের মধ্যে একটি বেশকিছু দিন ধরে নষ্ট, এখন একটিমাত্র স্ক্যানার দিয়ে কার্যক্রম চলছে। এতে সমস্যা হচ্ছে বটেই। তবে শিগগিরই নষ্ট স্ক্যানার মেরামত করা হবে অথবা নতুন আরেকটি বসানো হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top