চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের করা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাদীর বাবা জামাল উদ্দিনের জেরা অব্যাহত রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
এদিনের শুনানিতে মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা সরাসরি আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ১১ জন আসামি এবং পলাতক ১৪ জনের পক্ষে বাদীর জেরা সম্পন্ন হয়েছে। আদালত আগামী ২৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
তিনি আরও জানান, এদিন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে আদালত জানতে চাইলে চিন্ময় দাস বলেন, তিনি তার আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানাবেন এবং সে জন্য সময় প্রার্থনা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই সংঘর্ষের সূত্রপাত ঘটে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে।
ঘটনার পর আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।
পরবর্তীতে আদালত শুনানি শেষে ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে। এসময় এজাহারে থাকা তিনজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়। একইসঙ্গে নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম চলমান।
চাটগাঁ নিউজ/এমকেএন






