দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে—যার প্রভাবে আবহাওয়ায় এ পরিবর্তন দেখা দিতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। একই ধরনের আবহাওয়া বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে, তবে এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে।

রবিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পুরো সপ্তাহজুড়েই দেশের আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে, তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top