চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করেছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাসের ঘটনা। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর ওপর পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল এবং তা বহাল থাকলো।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়। এর ফলে আগে জারি করা নিষেধাজ্ঞা এখন পূর্ণাঙ্গ আইনি কাঠামোর আওতায় চলে এসেছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ওই অধ্যাদেশকে পরবর্তীতে সংশোধন করে আইন হিসেবে প্রণয়নের সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত একটি বিশেষ কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই বিলটি সংসদে উত্থাপন ও পাস করা হয়।
বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকর হওয়ায় এখন শুধু দলীয় কার্যক্রমই নয়, বরং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের পথ আরও সুগম হলো।
চাটগাঁ নিউজ/এমকেএন






