চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-পশ্চিম)।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলী হোসাইন ওরফে আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-২৩৮০ নম্বরের একটি বাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা নিয়ে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দেওয়া হলেও সেটি না থামায় ধাওয়া করে আটক করা হয়।
পরে বাসটি তল্লাশি করে পেছনে লোহার তৈরি একটি বাক্সের ভেতর থেকে হলুদ রঙের ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
এছাড়া, ৭০টি নীল রঙের জিপার ব্যাগের ভেতরে রাখা প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা জব্দকৃত বাসটির চালক, সুপারভাইজার ও হেলপার এবং তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কক্সবাজারের অজ্ঞাত ২-৩ জনের কাছ থেকে মাদকের চালান সংগ্রহ করে বিশেষ কৌশলে লুকিয়ে ঢাকায় অজ্ঞাত আরও ২ জনের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






