অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি: উপদেষ্টা ডা. জাহেদ

চাটগাঁ নিউজ ডেস্ক: জ্বালানি তেল কেনাবেচায় স্বচ্ছতা আনতে শিগগিরই একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে তেল কিনতে হবে এবং এতে ক্রেতার তথ্য, কেনার পরিমাণ ও সময় সংরক্ষিত থাকবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক বাজারে দাম বাড়লেও বাংলাদেশে এখনো মূল্য বাড়ানো হয়নি। তবে আগামী মাসে দাম সমন্বয় করা হবে কি না, তা নির্ভর করবে সামগ্রিক পরিস্থিতির ওপর।

সরবরাহ পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা জানান, দেশে বড় ধরনের জ্বালানি সংকট নেই। তবে অবৈধ মজুত ও পাচারের চেষ্টা বাজারে কিছুটা চাপ তৈরি করছে, যার ফলে কোথাও কোথাও অস্থিরতা দেখা দিচ্ছে।

বিদ্যুৎ ঘাটতি না থাকলেও শহরে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব যানবাহনের ফিটনেস ও চালকদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, দুর্ঘটনা এড়াতে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার।

অর্থনৈতিক বিষয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের কারণে বাংলাদেশ এখনই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয়।

দুর্নীতি দমন প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর এ কার্যক্রম জোরদার করা হবে।

স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, হামের টিকা সংকট বর্তমান সরকারের কারণে নয়, বরং আগের ব্যবস্থাপনার দুর্বলতার ফল। ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় টিকাদান শুরু হয়েছে এবং আগামী ৩ মে থেকে সারা দেশে এই কার্যক্রম চালু করা হবে।

শিশুমৃত্যুর বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top