এবার পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী ‘এমটি সেন্ট্রাল স্টার’  

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশে তেল পরিশোধনে ধীরগতি কাটিয়ে উঠতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসা হচ্ছে।  এরই মধ্যে মালয়েশিয়া বন্দর ত্যাগ করে চট্টগ্রাম বন্দর অভিমুখে রওনা হয়েছে মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ।

আগামী ৮ এপ্রিল (বুধবার) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া একইদিনে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে বহির্নোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের অপর একটি জাহাজ।

আজ সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকেটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ আগামী ৮ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে বহির্নোঙ্গরে পৌঁছাবে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের অপর একটি জাহাজ।

বিপিসি কর্মকর্তারা জানান, বিশ্ব পরিস্থিতির নানা জটিলতা থাকা সত্ত্বেও দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমদানি কার্যক্রম কোনো বিরতি ছাড়াই চালু রাখা হয়েছে। জাহাজগুলো বন্দরে পৌঁছানোর পর দ্রুত খালাস প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে এলপিজি নিয়ে ‘কুল ভয়েজার’ ও ‘গ্যাস জার্নি’ নামের দুইটি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজ দুইটির লাস্ট পোর্ট ছিল যথাক্রমে নাইজেরিয়া ও চীন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top