এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

চাটগাঁ নিউজ  ডেস্ক: জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) তার ভিসা বাতিলের সিদ্ধান্ত দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, হিটলারের প্রশংসা, ইহুদিবিদ্বেষী মন্তব্য ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে মাওলানা ড. মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করে কর্তৃপক্ষ। আজহারি বিষয়ে সিদ্ধান্তের পরই শায়খ আহমাদুল্লাহর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হলো।

সিডনি বিমানবন্দরে অস্ট্রেলিয়া ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

দেশটির অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট বিষয়টি নিশ্চিত করে বলেন, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বিবৃতিকারীদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই।

এ বিষয়ে ডেইলি টেলিগ্রাফ’র খবরে বলা হয়, অতীতে শায়খ আহমাদুল্লাহ ইহুদিদের ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করেছিলেন এবং বিশ্ব অস্থিরতার জন্য ইহুদিদের দায়ী করেছিলেন।

আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান শায়খ আহমাদুল্লাহ। সফরের শুরুতে তিনি মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে ভিডিও বার্তা দেন।

সূচি অনুযায়ী, ৩ এপ্রিল মেলবোর্নের আল–তাকওয়া কলেজ, ৪ এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যু, ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে তার ধারাবাহিক কর্মসূচি থাকার কথা ছিল।

তবে এসব কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই আজহারির মতো তাকেও অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা হলো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top