ক্রীড়া ডেস্ক: বিসিবির বর্তমান বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর প্রস্তাব অনুমোদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) এ সভা অনুষ্ঠিত হয়।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত এই পেনশন স্কিমের আওতায় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালরাও অন্তর্ভুক্ত থাকবেন।
বিসিবি সূত্রে জানা গেছে, অনেক সময় খেলোয়াড়রা ক্যারিয়ার শেষে আর্থিক অনিশ্চয়তায় পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়েই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা অবসর-পরবর্তী সময়ে আর্থিক নিরাপত্তা পান। তবে স্কিমটি চূড়ান্ত করার আগে একটি বিস্তারিত কাঠামো প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু বলেন, প্রাথমিকভাবে আমরা একটি কমিটি গঠন করেছি। এই কমিটি আগামী বোর্ড মিটিংয়ে পেনশন স্কিমের পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবে। কাদেরকে এবং কীভাবে, কী পরিমাণ পেনশন দেওয়া হবে সেসব বিষয় নির্ধারণ করবে এই কমিটি।
তিনি আরও বলেন, খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের নিয়ে নীতিগতভাবে আজকে আমরা একমত হয়েছি। এরপর একটি কমিটি করা হয়েছে, যারা বিস্তারিত প্রস্তাব দেবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





