ঈদগাঁওয়ে চোলাই মদসহ ব্যবসায়ী গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি: ঈদগাঁওয়ে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ রঞ্জন কুমার দে (৪৪) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানার পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) পুলিশি চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

রঞ্জন কুমার দে ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত অরবিন্দ দে-এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে রামু থানার ক্যাঙ্গারবিল এলাকা থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা ঢালারদুয়ারে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। এসময় ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত টমটম গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা রঞ্জন কুমার দে-এর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যবসায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top