সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
শনিবার (৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় মহাসড়কে এটি ঘটে।
এতে আধা ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, শত শত গাড়ি আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীতলপুর এলাকার পশ্চিমে এম. রহমান নামক একটি পরিত্যক্ত জাহাজ ভাঙা কারখানায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যদিও এলাকার কিছু গ্রুপ এই কাজে সহযোগিতা করলেও, স্থানীয় জনসাধারণ প্রতিবাদ জানায়।
শুক্রবার বিকালে স্থানীয়রা ওই জাহাজ ভাঙা কারখানায় গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করলে, একদল মানুষ তাদের ওপর হামলা চালায়। এতে ৪–৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ মহাসড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে। বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মাহবুল আলম বলেন, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের গ্রাম নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে। প্রশাসনের আশ্বাসে আমরা সড়ক থেকে ব্যারিকেড তুলে নিয়েছি।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, সাগর থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ব্যারিকেড তুলে নেন।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





