চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল আটক করা হয়েছে। একইসাথে পাচারের সাথে জড়িত ১২ জনকেও আটক করেছে কোস্ট গার্ড।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ শত ৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাংলাদেশি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও এই বোটকে ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিলো বলে জানা যায়।
কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণে মানবপাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






