চাটগাঁ নিউজ ডেস্ক: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।
এর আগে স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন চলত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
উল্লেখ্য, জ্বালানি সংকট মোকাবিলায় গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের অফিস সময় এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা সীমিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






