রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন: ৪ মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর কদমতলীতে লাইটার কারখানায় আগুনের ঘটনায় অন্তত চারটি দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার ফার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনে এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সেগুলো নারী বা পুরুষের মরদেহ কিনা বোঝা যাচ্ছে না।

এর আগে আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট ৭টি ইউনিট কাজে যোগ দেয়। পরে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চাটগাঁ নিউজ/জেএইচ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top