শাহ আমানতে যাত্রীর ব্যাগেজে মিলল ৩১৫ কার্টন সিগারেট!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের (G9-520) এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩১৫ কার্টন সিগারেট পাওয়া গেছে।

বিমানবন্দরের কাস্টমস হলে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১০টায় এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা চালানটি ধরতে সক্ষম হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নওগাঁর রানীনগরের মো. রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকা।

এসব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

আমদানি নিষিদ্ধ পণ্যের চোরাচালান ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top