চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে চকরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশের আভিযানিক টিম বিশেষ নজরদারি জোরদার করে।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এরই ধারাবাহিকতায় পরিকল্পিত ও সমন্বিত অভিযানের মাধ্যমে চকরিয়া থানাধীন বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সাইফুল ইসলাম ওরফে পুতিয়া (৪৫), রমজান আলী (৩৫), নাসির উদ্দিন (৬০), ছোটন মাহমুদ (২৮), জমির উদ্দিন বাবুল (৪২)।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জনগণের জানমাল রক্ষা, প্রকৃত মৎস্যচাষীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রপ্তানিমুখী ‘হোয়াইট গোল্ড’ খাতকে সুরক্ষিত রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






