লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে পাঁচটি মামলায় মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পাঁচটি ইটভাটাকে দণ্ড প্রদান করা হয়।
জানা যায়, লোহাগাড়ার চরম্বা এলাকার জসিম উদ্দিনের মালিকানাধীন মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে ৬ লাখ টাকা, মাইজবিলা আবাসন এলাকার মো. গিয়াস উদ্দিনের মালিকানাধীন মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৬ লাখ টাকা, নোয়ারবিলা এলাকার নাছির উদ্দিনের মালিকানাধীন চরম্বা রহমানিয়া ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাজঘাটা এলাকার মফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং চরম্বা রাজঘাটা এলাকার নুরুল আলম বাহাদুরের মালিকানাধীন মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসকে পৃথকভাবে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।
প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করায় মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩০ লাখ টাকা, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-৭ চট্টগ্রাম, আনসার, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং লোহাগাড়া ফায়ার স্টেশনের সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন





