চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। কক্সবাজার থেকে আসা শিশুটির বয়স ছয় মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে শিশুটিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে হাম ছিল কি না তা ‘নিশ্চিত’ হওয়া যায়নি। এ জন্য শিশুটির নমুনা পাঠানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে আজ সকাল ১০টা পর্যন্ত ৭ জনের হাম ও একজনের মধ্যে রুবেলার সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এই সময়ে ৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর ৭৫ জন হামের লক্ষণযুক্ত রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





