চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩১ মার্চ) প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
এই ঘটনায় হেফাজতে ইসলামের কয়েকজন শীর্ষ নেতার পক্ষে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করা হয়। মামলায় মোট ২১ জনকে আসামি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং শাহরিয়ার কবিরসহ আরও কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






