সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তার (আব্দুল জলিল মন্ডল) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট আছে। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলার আসামি।’

আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদেও দায়িত্ব পালন করছিলেন।

ডিবির একটি সূত্র জানায়, শাপলা চত্বর সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনেও একটি মামলা রয়েছে। এমনকি জলিল মন্ডলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা মামলা রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই মামলা হয়।

জানা গেছে, আব্দুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনারও ছিলেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।

চাকরিজীবনে নীলফামারী, বাগেরহাট এবং জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন। পুলিশের সাবেক এই ডিআইজি মহান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন বলে জানা যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top