চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে হামের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। জেলায় আজ আরো ৮ জন শিশুর শরীরে হাম রোগ নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে। এর আগে রোববার রাতে ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল বলে তথ্য প্রকাশ করে জেলা সিভিল সার্জন কার্যালয়।
আজ সোমবার (৩০ মার্চ) রাতে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, শনাক্তকৃত ৮ জন রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় রয়েছেন ৬ জন। এর মধ্যে একজন রুবেলা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে, জেলার ১৫টি উপজেলা থেকে আরও ২ জন হামের রোগী শনাক্ত করা হয়েছে।
জেলায় বর্তমানে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ২৯ জন, যাদের সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। এ পর্যন্ত মোট ৭৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ৩৫টি এবং বিভিন্ন উপজেলা থেকে ৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে রোববার বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়, এ বছরের শুরু থেকে পুরো চট্টগ্রাম বিভাগে ইতোমধ্যে ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে কক্সবাজারে ২৮ জন, চাঁদপুরে ১২ জন, কুমিল্লায় ১৮ জন এবং চট্টগ্রামে দুজন রোগী আক্রান্ত হিসেবে চিকিৎসাধীন রয়েছেন। তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও বেশ ক’জন।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হামের উপসর্গ থাকা রোগীর অন্যান্য জটিলতায়ও মৃত্যু হতে পারে। আমাদের পরিসংখ্যান অনুযায়ী ল্যাব টেস্টে কনফার্ম হওয়া চাঁদপুরের দুই শিশু ঢাকায় মারা গেছে। তবে হামের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। কারণ অত্যন্ত সংক্রামক এই রোগ একজন থেকে ১৮ জন পর্যন্ত ছড়াতে পারে।
তিনি আরো বলেন, আজ (সোমবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণকে এই রোগের বিষয়ে সচেতন হতে হবে, টিকা দিতে হবে। আমাদের আপাতত টিকার কোনো সংকট নেই।
চাটগাঁ নিউজ/জেএইচ





