চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে পুকুরে ডুবে সাখাওয়াত হোসেন (২ বছর ২ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের কালামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শুয়াইবের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে সাখাওয়াত তার মায়ের সঙ্গে সোনাকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সকালে সে বাড়ির সামনে উঠানে খেলছিল। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির দাদা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বেলাল জানান, ঈদের ছুটিতে বেড়াতে এসে এমন দুর্ঘটনা পুরো পরিবারকে শোকাহত করেছে।
সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, বেড়াতে এসে অসাবধানতাবশত পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






