পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া-এর মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমি নদভী আর নেই।
সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তার ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন তার মেঝ ছেলে হাফেজ মাওলানা মোছহাব নদভী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা আবু তাহের কাসেমি ১৯৬০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নাজির আহমদ। শৈশবেই পারিবারিক পরিবেশে তার দ্বীনি শিক্ষার হাতেখড়ি হয়।
শিক্ষাজীবনে তিনি নানুপুর, জামিয়া ইউনুসিয়া এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। ১৯৮০ সালে দাওরায়ে হাদিস এবং ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ভারত ও পাকিস্তানে সফর করেন। ভারতের দারুল উলুম দেওবন্দে পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং নদওয়াতুল উলামায় আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর শিক্ষা অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা শুরু করেন। সেখানে হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রশাসনিক দায়িত্বেও নিয়োজিত ছিলেন এবং দারুল ইকামার নাজিম হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সাল থেকে তিনি জামিয়ার কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন






