চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় সড়ক দুর্ঘটনায় মো. শাহীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে রহমতপুর তালতলীর দক্ষিণ পাশের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত খাঁর গো এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলের দিকে কাজের উদ্দেশ্যে বের হলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
চাটগাঁ নিউজ/এমকেএন






