উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১৫।
রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৩টার দিকে র্যাব-১৫-এর সিপিসি-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ইস্টের বি/৬৬ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় ‘এআরএ’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের শেল্টারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, অভিযানকালে শেল্টার থেকে একটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পাইপগান, ২ রাউন্ড পাইপগানের গুলি, আনুমানিক ৫-৭ জোড়া এআরএ গ্রুপের ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামাদির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও এআরএ গ্রুপের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






