হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

চাটগাঁ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ্য সহ-সভাপতি। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হত্যাসহ মোট এগারোটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আইভী আরও পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপীল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, এ মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো।

উল্লেখ্য, গত বছরের ৯মে ভোরে নানা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে আইভী কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন। তাকে ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top