চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দেশের আরেক গুরুত্বপূর্ণ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেনি দলটি। যদিও বাকি সাত সিটি করপোরেশনেও প্রার্থী ঘোষণা করার কথা বলা হয়েছে৷ তবে কবে ঘোষণা করা হবে তা স্পষ্ট করা হয়নি দলটির নেতারা।
রোববার (২৯ মার্চ ) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে পাঁচ সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য এপ্রিলের মধ্যে প্রার্থী ঘোষণার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নাহিদ ইসলাম।
এসময় নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় দেশের মানুষ নাগরিক সেবা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। নতুন সরকার এসে সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক বসিয়ে দিল। অন্তর্বর্তী সরকারের সময় তারা (বিএনপি) প্রশাসক নিয়োগের বিরোধিতা করলেও তাদের সরকারের সময় সব ঠিক হয়ে যাচ্ছে!
বিএনপি সরকার সব প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকারকেও দলীয়করণ করছে, কুক্ষিগত করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।
বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহের কথাও বলেছেন নাহিদ ইসলাম। তবে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আমরা পাঁচটি সিটিতে প্রার্থী ঘোষণা করছি। অল্প সময়ের মধ্যে বাকি সাতটি সিটির প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।’
এছাড়াও উপজেলা-পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নাম এপ্রিলের মধ্যে ঘোষণা করা সম্ভব আছে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ





