চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে প্রতিটি পেট্রল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি ট্যাগ অফিসার নিয়োগ দেবে। অন্যদিকে, মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধীনস্থ প্রতিটি পেট্রল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেবেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অথবা বিপিসি নির্ধারিত নীতিমালা অনুসারে কাজ করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন দাখিল করবেন।
এছাড়া, প্রতিটি পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য দ্রুত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





